মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতা থেকে একটি ‘অ্যান্টি পাইরেসি টুল’ সরিয়ে নেওয়া হচ্ছে। উইন্ডোজ ভিসতার গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘কিল সুইচ’ নামে পরিচিত এ প্রোগ্রামটি ভিসতার অবৈধ কপি ব্যবহারকারীদের ভিসতার বিভিন্ন বৈশিষ্ট্য ব্যবহার করতে বাধা দিত। কিন্তু উইন্ডোজ ভিসতার অনেক বৈধ ব্যবহারকারী অভিযোগ করেন, এটি তাদের বৈধ কপিও অচল করে দিচ্ছে। অভিযোগগুলো খতিয়ে দেখে মাইক্রোসফট প্রোগ্রামটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। মাইক্রোসফট জানায়, ‘অ্যান্টি পাইরেসি টুল’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি কার্যকর হবে উইন্ডোজ ভিসতার সার্ভিস প্যাক ১ ছাড়ার পর।
যাঁরা উইন্ডোজ ভিসতাসহ নতুন কম্পিউটার কেনেন, তাঁদের অনলাইনে মাইক্রোসফটের কাছ থেকে তাদের কপিটি যে আসল, তা নিশ্চিত করতে হয়। উইন্ডোজ জেনুইন অ্যাডভানটেজ নামের একটি অনলাইন প্রোগ্রাম কপিটি আসল কি না, তা খতিয়ে দেখে। যদি মনে হয়, কপিটি নকল, তবে এ প্রোগ্রামটি ভিসতাকে অকার্যকর করে দিতে পারে। কিন্তু ভিসতার অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের বৈধভাবে কেনা ভিসতার কপিটিও নকল বলে মনে করছে টুলটি। মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট মাইক সিভার্ট এক বিবৃতিতে বলেন, ‘এখন থেকে ভিসতার যেসব অবৈধ কপি শনাক্ত করা হবে, তাদের জানিয়ে দেওয়া হবে যে তাদের ভিসতা আসল নয়। তাদের বৈধভাবে ভিসতা ব্যবহারের কথা স্নরণ করিয়ে দেওয়া হবে। তাদের ভিসতার কোনো বৈশিষ্ট্য থেকে বঞ্চিত করা হবে না।’ মাইক্রোসফট জানিয়েছে, ভিসতার পাইরেসি রোধে ব্যবস্থা নেওয়ায় সুফল পাওয়া গেছে। উইন্ডোজ এক্সপির চেয়ে উইন্ডোজ ভিসতার নকল কম হয়েছে। সিভার্ট বলেন, টুলটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলেও মাইক্রোসফটের নীতির কোনো পরিবর্তন হয়নি। উইন্ডোজ ভিসতার ক্রেতাদের এখনো তাদের কপিটির বৈধতার অনুমোদন নিতে হবে। বিভিন্ন সময়ে কপিটির বৈধতার প্রমাণ দিতে হবে। মাইক্রোসফট জানিয়েছে, তারা গত বছর মাইক্রোসফটের পণ্য নকলকারী প্রায় এক হাজার ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। অনলাইনের প্রায় ৫০ হাজার নকল সফটওয়্যার নিলামকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো
লেখাটির সম্পর্কে মন্তব্য করুন
You must be logged in to post a comment.
সাম্প্রতিক মতামত